শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

ছয় মাসে ৪ লাখেরও বেশি কর্মী বিদেশে পাঠিয়েছে বাংলাদেশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

চলতি বছরের ছয় মাসের কিছু বেশি সময়ে বিশ্বের বিভিন্ন দেশে ৪ লাখ ৩২ হাজার ৭৮৬ জন কর্মী পাঠিয়েছে বাংলাদেশ। একই সময়ে দেশে প্রবাসীদের পাঠানো আয় বা রেমিট্যান্স এসেছে ২৪ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার। বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ তথ্য তুলে ধরা হয়।

বৈঠকে জানানো হয়, গত ১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন দেশে পাঠানো কর্মীদের মধ্যে ৩৬ হাজার ৫৯০ জন নারী। এ সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২ দশমিক ৮০ বিলিয়ন ডলার বেশি।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন।

বৈঠকে বিদেশফেরত ও প্রবাসী কর্মীরা বিমানবন্দরে পৌঁছানোর পর যাতে কোনো ধরনের অবহেলা বা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে কঠোর নজরদারির সুপারিশ করা হয়। পাশাপাশি মন্ত্রণালয়ের কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি ও বিধিবহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে কর্মকর্তা-কর্মচারীদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়ার সুপারিশ করে কমিটি।

এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১৮৬ জনকে দেশে ফিরিয়ে আনার তথ্যও বৈঠকে জানানো হয়। দেশে ফিরিয়ে আনা ব্যক্তিদের মধ্যে ১২ জন নারী ও আটজন শিশু রয়েছেন।

বৈঠকে আরও জানানো হয়, সরকার অনুমোদিত বেসরকারি রিক্রুটিং এজেন্সি এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিদেশে কর্মী পাঠানো হয়। বর্তমানে দেশে মোট রিক্রুটিং এজেন্সির সংখ্যা ২ হাজার ৮৬০টি। এর মধ্যে ২ হাজার ১৮৭টি এজেন্সি সচল রয়েছে।

কমিটির বৈঠকে সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সদস্য ও প্রতিমন্ত্রী মো. নুরুল হক, গোলাম মোহাম্মদ সিরাজ, মো. জসীম উদ্দিন, রফিকুল ইসলাম হিলালী, নাসির উদ্দিন আহমেদ, মো. আনোয়ারুল ইসলাম এবং আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102