রাজবাড়ীর পাংশায় পরিত্যক্ত অবস্থায় বিপুল সংখ্যক অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০ এর ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।
শুক্রবার (৯ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে পাংশা উপজেলার বিষ্ণুপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি আমবাগান থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।
এসআরবি-১০ সূত্রে জানা গেছে, অবৈধ মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল ক্রয়-বিক্রয়ের বিষয়ে গোপন সংবাদ পেয়ে বিষ্ণুপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আমবাগান থেকে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় ৪২টি ককটেল উদ্ধার করা হয়। ককটেলগুলো সম্পূর্ণ অবিস্ফোরিত অবস্থায় ছিল।
ফরিদপুর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার বলেছেন, “ককটেলগুলো ব্যবহার করে বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে এসআরবির গোয়েন্দারা নজরদারি অব্যাহত রেখেছেন। এ ধরনের অপরাধের বিরুদ্ধে এসআরবি-১০ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।”