ভোলার মনপুরায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মা ইলিশ শিকারের সময় দুই নৌকাসহ ৪ জেলেকে আটক করে মৎস্য অফিস ও কোস্টগার্ডের সদস্যরা। এই সময় জেলেদের শিকার করা ২০ কেজি মা ইলিশ হাজী ইব্রাহীম খলিল মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের তালতলা সংলগ্ন মেঘনায় অভিযান চালিয়ে আটক করা হয়। পরে হাজিরহাট ল্যান্ডিং স্টেশনে জেলেদের কাছ থেকে জব্দকৃত ৭ লাখ টাকার জাল পুঁড়িয়ে ফেলা হয়।
পরে রাত সাড়ে ৯ টায় আটককৃত দুই ফিশিং ট্রলারসহ ৪ জেলে প্রত্যেককে ১৫ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব।
জরিমানা দেওয়া জেলেরা হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা শাহিন (২১), ইউনুচ (৫৫) ও জাহাঙ্গীর মাঝি (৪৫), অপর জেলে বোরহানউদ্দিন উপজেলার পক্ষীয়া ইউনিয়নের বাসিন্দা মো. ছালাউদ্দিন (৩৫)।
এই ব্যাপারে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখা জানান, মা ইলিশ রক্ষা অভিযানে মৎস্য অফিস ও কোস্টগার্ডের যৌথ অভিযানে দুইটি ট্রলারসহ ৪ জেলেকে আটক করা হয়। জেলেদের কাছ থেকে জব্দ করা ২০ কেজি মা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়। পাশাপাশি ট্রলারে থাকা ৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল পুঁড়িয়ে ফেলা হয়।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবিব জানান, আটককৃত জেলেদের ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়। জেলেদের ধরা মা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে।