শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

আমি অবশ্যই অভিনয়ে ফিরতে চাই: তানিয়া বৃষ্টি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

চলতি বছরের শুরুর দিকে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। গত ৮ মাস ধরে তার চিকিৎসা চলছে। চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী, কেমোথেরাপি নিচ্ছেন এই অভিনেত্রী।

তানিয়া বৃষ্টি এখন বাসাতেই সময় কাটান। পরিবারের সদস্য ও পোষ্যদের নিয়েই তার ব্যস্ততা। কিন্তু তানিয়া বৃষ্টি এখন কেমন আছেন? এ প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন, “আল্লাহর রহমতে আমার শারীরিক অবস্থা অনেকটাই ভালো। ছয় মাসের কেমোথেরাপির মধ্যে চার মাস কয়েক দিন আগে শেষ করেছি।”

কেমোথেরাপির সাইকেল শেষে রিভিউ হবে। এসব তথ্য জানিয়ে তানিয়া বৃষ্টি বলেন, “কেমো শেষ হলে আবার এমআরআইসহ সবকিছু পরীক্ষা করতে হবে, টিউমারের অবস্থা কী—দেখতে হবে। আপনারা সবাই দোয়া করবেন।”

তানিয়া বৃষ্টি

 

চিকিৎসার মধ্য দিয়ে যাওয়ার কারণে ওজন বেড়েছে। এ বিষয়ে তানিয়া বৃষ্টি বলেন, “অনেকেই বলছেন, আগের চেয়ে আমার ওজন বেড়েছে। এটা মূলত দুটি সার্জারির কারণে। আর আমাকে এমন কিছু ওষুধ খেতে হয়, যে কারণে আমার ওজন বেড়ে যাওয়াটা খুবই স্বাভাবিক।”

অসুস্থতার কারণে লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে রয়েছেন তানিয়া বৃষ্টি। সহশিল্পী, কলাকুশলীদের পরিবার মনে করেন তিনি। তার ভাষায়—“মিডিয়ার শিল্পী, সহশিল্পী, কলাকুশলীরা আমার একটা পরিবার, আমার জীবনের একটা অংশ। পুরো সময়ই আমার এই পরিবারকে মিস করি। অনেকেই আমার সম্পর্কে জানতেন, আমাকে দেখতে আসতেন। তারা বলতেন, আমার ফেরার অপেক্ষায় রয়েছেন। তাদের কথাগুলো সাহস জোগাত, মানসিক শক্তি দিত।”

তানিয়া বৃষ্টি

তানিয়া বৃষ্টি পুনরায় অভিনয়ে ফিরতে চান। কাজে ফেরার জন্য মানসিকভাবেও প্রস্তুত। চলতি মাসেই চেনা ভুবনে ফেরার আশা ব্যক্ত করেন। এসব তথ্য স্মরণ করে তানিয়া বৃষ্টি বলেন, “আমি অভিনয়ের মানুষ। আমি তো অবশ্যই অভিনয়ে ফিরতে চাই।”

 

মুন্সিগঞ্জের মেয়ে তানিয়া বৃষ্টি ২০১২ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন। এরপর নাম লেখান টিভি নাটকে। তবে বিজ্ঞাপনে মডেল হয়ে নজর কাড়েন। পরবর্তীতে অভিনয়েও নিজেকে প্রমাণ করেন।

২০১৫ সালে ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় পা রাখেন তানিয়া বৃষ্টি। এরপর বেশ কটি সিনেমায় কাজ করেন। তবে বড়পর্দার চেয়ে টিভি নাটকে অভিনয় করে অধিক খ্যাতি কুড়ান এই অভিনেত্রী।

তানিয়া বৃষ্টি

২০১৯ সালে মুক্তি পায় তানিয়া বৃষ্টি অভিনীত ‘গোয়েন্দাগিরি’ সিনেমা। এটি তার অভিনীত সর্বশেষ সিনেমা। দীর্ঘ বিরতির পর ফের বড়পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় তার কাজের কথাও ছিল। আর এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। তবে নতুন করে বেশ কিছু কাজের বিষয়ে কথা চলছে বলেও জানান এই অভিনেত্রী।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102