শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

শ্রীপুরে বিকাশের ক্যাশ ম্যানেজারকে গুলি করে আড়াই কোটি টাকা ছিনতাই

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে বিকাশের একটি গাড়ি আটকে ক্যাশ ম্যানেজারকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় গাড়িতে থাকা বিকাশের অপর দুই কর্মকর্তা ও চালককে মারধর করে দুর্বৃত্তরা। পরে গাড়ির পেছনে রাখা টাকা ভর্তি দুটি বস্তা নিয়ে পালিয়ে যায় তারা। প্রাথমিকভাবে ছিনতাই হওয়া টাকার পরিমাণ আড়াই কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজারসহ চারজন আহত হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিংগা আঞ্চলিক সড়কের কর্ণপুর গ্রামের বনবেষ্টিত এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার হিমেলের (৩৫) বাড়ি ও বিস্তারিত পরিচয় জানা যায়নি। তিনি মাওনা এলাকায় বিকাশের ক্যাশ ম্যানেজার হিসেবে কর্মরত।
আহত অন্যরা হলেন- ভালুকা এন্টারপ্রাইজের শ্রীপুরের ডিসিএম মো. ফাহাদ হোসেন (৩০), মাওনা বিকাশের সুপারভাইজার রিফাত (২০) ও গাড়িচালক লাল মিয়া (২৫)। গুলিবিদ্ধ হিমেলকে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, নরসিংদীর বিভিন্ন বিকাশ এজেন্টের কাছ থেকে চার কোটি টাকা সংগ্রহ করেছিলেন তারা। পরে তিনটি বস্তায় টাকা ভরে ঢাকা মেট্রো-গ ৩৫-০৭০১ নম্বরের একটি প্রাইভেট কারে করে মাওনার উদ্দেশে রওনা হন তিন কর্মকর্তা। তাদের সঙ্গে ছিলেন গাড়িচালক।

গাড়িটি শ্রীপুর-গোসিংগা আঞ্চলিক সড়কের কর্ণপুর গ্রামের বনবেষ্টিত এলাকায় পৌঁছালে ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়িটির গতিরোধ করে। একপর্যায়ে তারা গাড়ির কাচ ভেঙে ভেতরে থাকা ক্যাশ ম্যানেজার হিমেলের পেটে গুলি করে। পরে তাকে টানাহেঁচড়া করে গাড়ি থেকে নামিয়ে বিকাশের অপর দুই কর্মকর্তা ও চালককে বেধড়ক মারধর করে। এরপর গাড়ির পেছনে রাখা টাকা ভর্তি তিনটি বস্তার মধ্যে দুটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে ছিনতাই হওয়া টাকার পরিমাণ আড়াই কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত চারজন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখান থেকে গুলিবিদ্ধ হিমেলকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরে পাঠানো হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনিক সরকার বলেন, আহত অবস্থায় চারজন হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে একজনের পেটে গুলির ক্ষত ছিল। তাকে জরুরি ভিত্তিতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আহতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102