বাইরে মিষ্টি রোদ। পিচঢালা পথে একসঙ্গে হাঁটছেন চিত্রনায়িকা শাবনূর ও গায়ক রবি চৌধুরী। একপর্যায়ে রবি চৌধুরীর কাছে গান শোনার আবদার করেন শাবনূর। তারপর রবি চৌধুরী কণ্ঠে তুলেন—‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’। বড়পর্দায় ঠোঁট মেলানো গানটি রবি চৌধুরীর সঙ্গে গাইতে থাকেন শাবনূরও।
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন, তাতে এমন দৃশ্য দেখা যায়। রবি চৌধুরীর সঙ্গে প্রিয় নায়িকার আনন্দঘন মুহূর্তটি দেখে তার ভক্ত-অনুরাগীরাও স্মৃতিকাতর হয়ে পড়েছেন।
মনিরা মনি নামে একজন লেখেন, “যত প্রজন্মই আসুক, আইডল কিন্তু একটাই। নিজেই একটা ব্র্যান্ড শাবনূর।” স্মৃতিকাতর মহিম উদ্দিন লেখেন, “এইভাবে যদি আপনার সাথে অমর নায়ক সালমান শাহকে আরেকটিবার দেখতে পেতাম, কতই না ভালো লাগত!”
বিলকিস লেখেন, “আমার প্রিয় নায়িকা ছিলেন আপনি, যখন থেকে অভিনয় ছেড়ে দিয়েছেন, তখন থেকে বাংলা সিনেমা দেখা বাদ দিয়ে দিয়েছি। আপনাকে অনেক মিস করি, আপনার কোনো সিনেমার অংশ দেখলে ছোট বেলার স্মৃতি মনে করিয়ে দেয়। সিনেমা দেখার জন্য মাঝে মাঝে মায়ের হাতে মার খেতাম। সেই দিনগুলো এখনো মিস করি। ভালো থাকবেন আপু।” এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে।
মূলত, স্টেজ শোতে গাইতে অস্ট্রেলিয়ায় গিয়েছেন রবি চৌধুরী। তার আসার খবর আগেই পেয়েছিলেন শাবনূর। তাই ঠিক করে রেখেছিলেন, সময় করে একসঙ্গে ঘুরবেন। শুক্রবার (৯ অক্টোবর) সেই পরিকল্পনা বাস্তবে রূপ নিল। অস্ট্রেলিয়ার সিডনির বিভিন্ন মনোরম জায়গা রবি চৌধুরীকে ঘুরিয়ে দেখান শাবনূর। আর বন্ধুর সঙ্গে গান গেয়ে শোনান এই অভিনেত্রী।
শাবনূর ও রবি চৌধুরীর বন্ধুত্ব অনেক দিনের। তাদের জন্মদিনও একই দিনে—১৭ ডিসেম্বর। এর আগে শাবনূর ঢাকায় এলে রবি চৌধুরীর বাসায় একসঙ্গে জন্মদিন উদযাপন করেছেন তারা। এসব কথাও ভিডিও ক্লিপে জানান শাবনূর।