ঝিনাইদহের শৈলকুপায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আটক চারজনের ডোপ টেস্টের ফল পজিটিভ এসেছে। পরে সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় (সামারি ট্রায়াল) তাদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
শুক্রবার (৯ অক্টোবর) শৈলকুপা থানা পুলিশের পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে তাদের আটক করা হয়। পরবর্তী সময়ে চিকিৎসাগত পরীক্ষায় মাদক সেবনের বিষয়টি প্রমাণিত হলে তাদের আদালতে সোপর্দ করা হয়। বিচারক সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় প্রত্যেকের সাজা ঘোষণা করেন এবং তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শৈলকুপার কুশবাড়িয়া গ্রামের মো. আশিক (২২), হাবিবপুর গ্রামের রাজন বিশ্বাস (৩০) এবং কবিরপুর গ্রামের আবির হোসেন (২৫) ও শাহরিয়ার কবির (২৩)।
আশিককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৬ ধারা অনুযায়ী চার মাসের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রাজন বিশ্বাসকে একই আইনে এক বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, আবির হোসেন ও শাহরিয়ার কবিরকে পাঁচ মাস করে সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের প্রত্যেককে আরও সাত দিনের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
শৈলকুপা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অপরাধমুক্ত শৈলকুপা গড়ার লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।