শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

আশুলিয়ায় শারমিন গ্রুপের ভবন থেকে পড়ে মার্চেন্ডাইজারের মৃত্যু, পরিবারের দাবি হত্যা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ঢাকার সাভারের আশুলিয়ায় শারমিন গ্রুপের বহুতল ভবন থেকে পড়ে মো. জামাল উদ্দিন খান শিহাব (৩৯) নামে এক সিনিয়র মার্চেন্ডাইজারের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে নরসিংহপুর এলাকায় অবস্থিত কারখানাটি থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনাকে হত্যা দাবি করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের দাবি জানিয়েছে তার পরিবার।

নিহত জামাল উদ্দিন গাজীপুর সদর উপজেলার বুরুলিয়া ডুয়েট এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে। তিনি শারমিন গ্রুপের ডিভিশন-৩-এ সিনিয়র মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন।

পরিবারের অভিযোগ, কারখানার অভ্যন্তরীণ কোনো বিরোধের জেরে জামালকে হত্যা করা হয়ে থাকতে পারে। তাদের আশঙ্কা, ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উপস্থাপন করে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা চলছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের খালাতো ভাই ফখরুল হাসান সোহাগ জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে জানানো হয়, জামাল ভবন থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন। তার দাবি, জামালের ছোট সন্তান রয়েছে এবং তিনি একজন প্রতিষ্ঠিত কর্মকর্তা ছিলেন। এ কারণে জামালের আত্মহত্যার বিষয়টি মেনে নেওয়া পরিবারের পক্ষে কঠিন। কারখানার ভেতরের লোকজন ঘটনাটি আড়াল করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

নিহতের স্ত্রী নাহার আকৃতার বৃষ্টি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মুঠোফোনে জামাল তাকে কারখানায় কিছুটা ঝামেলা হওয়ার কথা জানিয়েছিলেন। বুধবার সকালেও তাদের মধ্যে কথা হয়। ওই সময় জামাল মালিকের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বলে দাবি করেন তিনি।

বৃষ্টি আরও জানান, তিনি জামালকে অফিসে যেতে নিষেধ করেছিলেন। তবে অফিসে না গেলে তাকে ফাঁসানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন জামাল। পরে অফিসে যাওয়ার পর তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না। প্রায় দুই ঘণ্টা পর একজন ফোন ধরে জামাল অসুস্থ বলে তাকে হাসপাতালে নেওয়ার কথা জানান। পরে তারা জামালের মৃত্যুর খবর পান।

ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম। তিনি জানান, নিহতের হাত-পা ভেঙে গিয়ে থাকতে পারে। ছাদ থেকে পড়ে যাওয়ার কারণে তার নাক-মুখ দিয়ে রক্ত বের হয়েছে বলেও জানান তিনি। সিসিটিভি ফুটেজে জামালকে লাফ দিতে দেখা গেছে বলে উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে।

এদিকে, কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানতে নরসিংহপুরে শারমিন গ্রুপের প্রধান ফটকে গেলে নিরাপত্তা ইনচার্জ নজরুল ও নিরাপত্তাকর্মী আল আমিন সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে দেননি। পরে যোগাযোগের চেষ্টা করেও কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102