দুর্গাপূজার ছুটিতে রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে। চিরচেনা যানজট
আর এই সুযোগে অবসর সময় কাটাতে জাতীয় সংসদ ভবন এলাকা ও জিয়া উদ্যানমুখী হচ্ছেন নানা বয়সী মানুষ। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে সংসদ ভবনের সামনের সড়ক, আশপাশের খোলা জায়গা ও জিয়া উদ্যান এলাকায় ভিড় করছেন দর্শনার্থীরা। কর্মব্যস্ত নগরজীবনের একঘেয়েমি কাটিয়ে খোলামেলা পরিবেশে কিছুটা সময় কাটানোই তাদের মূল আকর্ষণ।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর সংসদ ভবন এলাকা ও জিয়া উদ্যান ঘুরে এমন চিত্র দেখা যায়। কেউ পরিবারের সদস্যদের নিয়ে ঘুরছেন, কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন, আবার অনেকে খোলা পরিবেশে ছবি তুলে ছুটির মুহূর্তগুলো স্মরণীয় করে রাখছেন। যানজট কম থাকায় সড়কে চলাচলও তুলনামূলক স্বস্তিদায়ক মনে হচ্ছে অনেকের কাছে।
কেরানীগঞ্জ থেকে পরিবার নিয়ে সংসদ ভবন এলাকায় ঘুরতে এসেছেন বেসরকারি চাকরিজীবী মো. নকিব বিল্লাহ। তিনি বলেন, “সারা সপ্তাহ অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। যানজটের কারণে কোথাও যেতে চাইলেও অনেক সময় পাওয়া যায় না। পূজার ছুটিতে ঢাকা কিছুটা ফাঁকা থাকায় আজ পরিবার নিয়ে বের হয়েছি। এখানকার খোলামেলা পরিবেশে সময় কাটাতে ভালো লাগছে। শহরের ভেতরে থেকেও এমন পরিবেশ পাওয়া আমাদের জন্য আনন্দের।”
তিনি বলেন, “শিশুদের নিয়ে বাইরে বের হওয়ার জন্য ছুটির দিনগুলো ভালো সুযোগ। স্বাভাবিক সময়ে যানজট ও মানুষের ভিড়ের কারণে অনেক পরিকল্পনা বাদ দিতে হয়। আজ রাস্তায় চাপ কম থাকায় যাতায়াতেও তেমন ভোগান্তি হয়নি।”
যাত্রাবাড়ী এলাকা থেকে বন্ধুদের সঙ্গে জিয়া উদ্যান এলাকায় ঘুরতে এসেছেন দেবরাজ চন্দন। তিনি বলেন, “ঢাকার ব্যস্ত জীবনে একটু নিরিবিলি সময় পাওয়া কঠিন। ছুটির দিনে সাধারণত অনেক জায়গায় মানুষের ভিড় থাকে, আবার যানজটেও দীর্ঘ সময় আটকে থাকতে হয়। এবার পূজার ছুটিতে শহর তুলনামূলক ফাঁকা। তাই বন্ধুদের সঙ্গে এখানে এসেছি। খোলা জায়গায় বসে গল্প করা, ছবি তোলা সব মিলিয়ে ভালো সময় কাটছে।”
তিনি বলেন,“ঢাকায় বিনোদনের জন্য পর্যাপ্ত খোলা জায়গা নেই বললেই চলে। সংসদ ভবন ও জিয়া উদ্যানের মতো জায়গাগুলোতে মানুষ কিছুটা স্বস্তি পায়। এসব এলাকার পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা গেলে দর্শনার্থীদের জন্য আরো ভালো হবে।”
কমে যাওয়ায় নগরজীবনে মিলেছে কিছুটা স্বস্তি।
আজিমপুর থেকে পরিবারের সদস্যদের নিয়ে সংসদ ভবন এলাকায় ঘুরতে আসেন সুইটি রানী। তিনি বলেন, “বাসা আর দৈনন্দিন কাজের মধ্যে থাকতে থাকতে একসময় একঘেয়েমি চলে আসে। ছুটির দিনে পরিবারের সবাইকে নিয়ে বাইরে বের হতে পারলে মন ভালো হয়ে যায়। আজ ঢাকার রাস্তায় যানজট কম থাকায় সহজেই এখানে আসতে পেরেছি। বাচ্চারাও খোলা জায়গায় ঘুরে আনন্দ পাচ্ছে।”
তিনি বলেন, “শহরের মধ্যে এমন জায়গা থাকাটা খুব প্রয়োজন। এখানে এলে কিছুটা স্বস্তি পাওয়া যায়। তবে দর্শনার্থীদের বসার উপযোগী জায়গা, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে পরিবার নিয়ে আসা আরো আরামদায়ক হবে।”
উত্তরা থেকে স্বামী ও সন্তানদের নিয়ে ঘুরতে এসেছেন চৈতালি রায়। তিনি বলেন, “দীর্ঘ ছুটিতে ঢাকায় যারা আছেন, তাদের জন্য সংসদ ভবন এলাকা ও জিয়া উদ্যান ঘুরে দেখার ভালো সুযোগ তৈরি হয়েছে। অন্য সময় যানজটের কারণে দূরে কোথাও যেতে গেলে অনেক সময় নষ্ট হয়। এবার রাস্তায় চাপ কম থাকায় সহজেই বের হতে পেরেছি। পরিবারের সবাই মিলে কিছুটা সময় কাটাতে পারছি, এটাই বড় আনন্দ।”
তিনি বলেন, “ব্যস্ত জীবনে পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে সময় কাটানো হয়ে ওঠে না। এমন ছুটি আমাদের সেই সুযোগ করে দেয়। তবে দর্শনার্থীদের ভিড় বাড়লে শৃঙ্খলা বজায় রাখা, ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং পরিবেশের সৌন্দর্য রক্ষায় সবার সচেতন থাকা উচিত।”
সব মিলিয়ে, দুর্গাপূজার ছুটিতে যানজট কমে আসা রাজধানীবাসীর জন্য স্বস্তির পাশাপাশি অবসর কাটানোর সুযোগ তৈরি করেছে। সেই সুযোগ কাজে লাগিয়ে সংসদ ভবন এলাকা ও জিয়া উদ্যানে মানুষের উপস্থিতি বেড়েছে। কর্মব্যস্ত নগরজীবনের বাইরে কিছুটা সময় কাটাতে এসব খোলা জায়গা রাজধানীবাসীর কাছে হয়ে উঠেছে ছুটির দিনের অন্যতম আকর্ষণ।