শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

সিদ্ধিরগঞ্জে সাইনবোর্ড মিতালী মার্কেটে বিদ্যুৎ দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড মিতালী মার্কেটে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন ব্যবসায়ীরা। প্রায় এক মাস ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় ব্যবসা-বাণিজ্য ব্যাহত হওয়ার অভিযোগ তুলে রোববার  দুপুরে এ কর্মসূচি পালন করেন তারা।

এতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড-চাষাঢ়াগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

রোববার দুপুর ১২টার দিকে মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি মার্কেটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পৌঁছায়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ব্যবসায়ীরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় তারা ‘বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই’ এবং ‘বিদ্যুৎ দাও, ব্যবসায়ী বাঁচাও’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশা জানান, বিদ্যুৎ বিল বাবদ প্রায় ৭৬ লাখ টাকা বকেয়া থাকায় এক মাস ধরে মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, গত ৯ মাসে রানিং কমিটি দোকান মালিক ও ব্যবসায়ীদের কাছ থেকে ৫০ লাখ ৭১৫ টাকা আদায় করেছে। তবে বিদ্যুৎ বিভাগের বকেয়া বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে তারা দাবি করেন।

ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন বিদ্যুৎ না থাকায় মার্কেটের স্বাভাবিক ব্যাবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে দোকান মালিক ও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। তাদের কাছ থেকে আদায় করা অর্থের হিসাব প্রকাশ এবং বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়ে সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তারা। একই সঙ্গে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের আহ্বান জানান।

অবরোধের খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমানসহ ফতুল্লা থানার পুলিশ ও অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেয়। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়।

পরে দুপুর সোয়া ১টার দিকে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

বিক্ষোভে মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশা, সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, দপ্তর সম্পাদক জুয়েল রানা, কোষাধ্যক্ষ আব্দুর রহিম সাজু, যুগ্ম সম্পাদক জাফর ইকবাল বকুল ও গাজী মোহাম্মদ লিটন মোল্লাসহ মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীদের দাবি, দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করে মার্কেটের ব্যাবসায়িক পরিবেশ স্বাভাবিক করতে হবে এবং আদায় করা অর্থ ও বকেয়া বিদ্যুৎ বিলের বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102