শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

ডিএনসিসির টেন্ডারে দলীয় পরিচয়ের সুযোগ নেই: প্রশাসক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সব টেন্ডার কার্যক্রম ই-জিপির (ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট) মাধ্যমে সরকারি নিয়ম মেনে পরিচালিত হয় বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, টেন্ডার প্রক্রিয়ায় দলীয় পরিচয়ের কোনো সুযোগ নেই।

রোববার (২৫ অক্টোবর) রাজধানীর মগবাজার ফ্লাইওভারের নিচে সামাজিক উন্নয়ন সংস্থা ফুটস্টেপসের ‘নগর বাগান’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে প্রশাসক বলেন, ই-জিপির মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় টেন্ডার আহ্বান ও কার্যাদেশ দেওয়া হয়। এ বিষয়ে প্রকাশিত খবরকে ভিত্তিহীন ও মিথ্যা দাবি করে তিনি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল সাংবাদিকতা ও সততা বজায় রাখার আহ্বান জানান।

ঢাকাকে আধুনিক, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ডিএনসিসি ও ফুটস্টেপস যৌথভাবে কাজ করছে উল্লেখ করে শফিকুল ইসলাম খান বলেন, পরিবেশ উন্নয়ন ও নগরীর আধুনিকায়নে ফুটস্টেপস দীর্ঘদিন ধরে প্রশংসনীয় ভূমিকা রাখছে।

তিনি বলেন, খাল খনন, বর্জ্য ব্যবস্থাপনা ও নগরজুড়ে সবুজায়নের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে মগবাজারের দীর্ঘদিনের পরিত্যক্ত স্থানে নান্দনিক নগর বাগান গড়ে তোলা হয়েছে।

প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করছে ডিএনসিসি। গুলশান লেক সংস্কার, দৃষ্টিনন্দন গ্রাফিতি আঁকা এবং বসিলা ৪০ ফুট খালের অবহেলিত অবস্থা পরিবর্তনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে পথচারীদের বসার বেঞ্চ, ডাস্টবিন ও সড়কবাতি স্থাপন করা হয়েছে। এ ছাড়া ৪৫ দিনের বিশেষ কর্মসূচির মাধ্যমে বসিলা খালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

নগরীর ফুটপাত দখলমুক্ত করা প্রসঙ্গে শফিকুল ইসলাম খান বলেন, নাগরিকদের চলাচলের সুবিধা নিশ্চিত করা ও যানজট কমাতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ডিএনসিসির উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

তিনি জানান, দীর্ঘ ২৫ বছর ধরে দখলে থাকা মিরপুর-১০ নম্বর এলাকার একটি ফুটপাত উদ্ধার করা হয়েছে। জনগণের করের টাকায় নির্মিত ফুটপাত নাগরিকদের নির্বিঘ্নে চলাচলের অধিকার নিশ্চিত করার জন্য।

প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও অনুপ্রেরণায় এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে সফলতা অর্জন করা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইফতেখার হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102