কুমিল্লার চৌদ্দগ্রামে বিবাহ বিচ্ছেদের পরও স্বামীর বাড়ি ছাড়ছেন না তালাকপ্রাপ্তা স্ত্রী। এ নিয়ে দফায় দফায় থানা-পুলিশ ও সালিশ-দরবার করেও কোনো প্রতিকার মেলেনি। উল্টো সাবেক স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উপজেলার গুণবতী ইউনিয়নের আকদিয়া গ্রামে।
বুধবার (২৮ অক্টোবর) সাবেক স্বামী শওকত হোসেনের বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন প্রবাসী শওকত হোসেন ও তার মা এবং স্থানীয় গ্রামবাসী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাতারপ্রবাসী শওকত হোসেন জানান, টিকটকের মাধ্যমে বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার লস্করপুর গ্রামের ইব্রাহীম মাস্টারের মেয়ে জেসমিন আক্তারের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে। ২০১৯ সালের ১ মার্চ কনে দেখতে গেলে জেসমিনের স্বজনরা জোরপূর্বক তাদের বিয়ে দেয়। পরবর্তীতে সমাজের মুরব্বিদের পরামর্শে তাকে বাড়িতে নিয়ে আসেন শওকত। কিন্তু এর কিছুদিন পর থেকেই শুরু হয় পারিবারিক কলহ। বিভিন্ন হুমকি-ধমকির মুখে ২০২১ সালের ৭ জুলাই জেসমিনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শওকত। এর কিছুদিন পর তিনি কাতারে চলে যান। এর মধ্যেই তাদের সংসারে একটি কন্যাসন্তান জন্ম নেয়।
শওকত আরও জানান, কাতার যাওয়ার পর থেকেই জেসমিন বিভিন্ন সময়ে টাকা ও স্বর্ণালংকার দাবি করতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে নগদ ৫ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকারও দেন শওকত। তবুও সংসারে শান্তি ফেরেনি। উল্টো শওকতের মা ও বোনদের সাথে খারাপ আচরণ শুরু করেন জেসমিন। এর মধ্যে তাদের আরেকটি পুত্রসন্তান জন্ম নেয়। পরবর্তীতে বনিবনা না হওয়ায় কাতার থেকেই জেসমিনকে তালাক দেন শওকত। জেসমিন সেই তালাক আইনগত হয়নি বলে দাবি করলে, শওকত দেশে ফিরে গত বছরের মার্চ মাসে পুনরায় আদালতের মাধ্যমে তাকে তালাক দেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আদালতের মাধ্যমে তালাক সম্পন্ন হওয়ার পর ক্ষিপ্ত হয়ে জেসমিন শওকতের মাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে ঘর থেকে বের করে দেন এবং তার বোনদের বাড়িতে প্রবেশে বাধা দেন। এমনকি তিনি সারাক্ষণ ঘরে সশস্ত্র অবস্থায় অবস্থান করেন এবং এভাবেই গত দুই বছর ধরে সাবেক স্বামীর বাড়ি দখল করে রেখেছেন।
এ ঘটনায় সর্বশেষ গত ২৪ অক্টোবর শওকত বাদী হয়ে উপজেলার কনকাপৈত পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, জেসমিন আক্তার ভুয়া স্ট্যাম্প তৈরি করে প্রবাসী শওকতের কাছে ৯ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার পাবেন বলে মিথ্যাচার করছেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় সালিশদার মো. সাহাব উদ্দিন বলেন, বিবাহ বিচ্ছেদের পর ওই নারীকে তার পাওনা বুঝিয়ে দিতে গ্রাম ও থানায় বহুবার সালিশ-দরবার হয়েছে। সেখানে তাকে এবং তার পরিবারের সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা না করে উল্টো একের পর এক মামলা করে শওকতের পরিবারকে হয়রানি করছেন। আমরা দ্রুত এর প্রতিকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
কান্নাজড়িত কণ্ঠে শওকতের মা মাসুমা আহম্মেদ অভিযোগ করেন, ছেলের তালাকপ্রাপ্তা স্ত্রী জেসমিন আক্তার আমাকে জোর করে ঘর থেকে বের করে দিয়ে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। তার ভয়ে গত দুই বছর ধরে আমি নিজের ঘরে উঠতে পারছি না, ঘরছাড়া জীবন কাটাচ্ছি।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কনকাপৈত পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আশিকুর রহমান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেছি। জেসমিন আক্তার সাবেক স্বামীর কাছে বিভিন্ন পাওনার দাবি তুললেও তার পক্ষে উপযুক্ত কোনো প্রমাণ দেখাতে পারেননি। তিনি জানিয়েছেন, তার দাবীকৃত পাওনা বুঝিয়ে না দেওয়া পর্যন্ত তিনি সাবেক স্বামীর বাড়ি ছাড়বেন না।