সিরাজগঞ্জের কামারখন্দে ইছামতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর শিশু জুনায়েদের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টার দিকে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীর তলদেশ থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত জুনায়েদ কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের মিঠুর ছেলে। সে ভদ্রঘাট বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বাড়ির পাশের ইছামতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় জুনায়েদ। পরে গ্রামের লোকজন নদীতে জাল ফেলে দীর্ঘ সময় ধরে তাকে উদ্ধারের চেষ্টা করেন। তাতে সফল না হয়ে কামারখন্দ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়েও শিশুটিকে উদ্ধার করতে পারেননি। পরে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। শনিবার ভোরে ডুবুরিরা নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর সকাল ৯টার দিকে জুনায়েদের মরদেহ উদ্ধার করা হয়।
কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ডুবুরি দল প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে ইছামতি নদীর তলদেশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।