শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

‘জয় বাংলা’ পোস্টের প্রতিবাদ করায় ছাত্রদল নেতার পা ভাঙার অভিযোগ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

পিরোজপুরের নেছারাবাদে ফেসবুকে ‘জয় বাংলা’ স্লোগান ও বিএনপিবিরোধী পোস্টের প্রতিবাদ করায় জলাবাড়ি ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক শরীয়ত উল্লাহ লিমনকে মারধর করে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগ সমর্থক সিয়াম হোসেন ফকির, তাঁর বাবা আবুল হোসেন ফকিরসহ কয়েকজনের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় আদালতে মামলা করার পর আসামিরা তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলেও দাবি করেছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার কামারকাঠি বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন শরীয়ত উল্লাহ লিমন। তিনি উপজেলার ৫ নম্বর জলাবাড়ি ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লিমন জানান, প্রায় এক মাস আগে সিয়াম হোসেন ফকির তাঁর ফেসবুক আইডি থেকে ‘জয় বাংলা’ স্লোগানসংবলিত একটি পোস্টসহ বিএনপিবিরোধী একাধিক পোস্ট করেন। গত ১৫ অক্টোবর বিকেল ৫টার দিকে সিয়ামকে একা পেয়ে ফেসবুকে ‘জয় বাংলা’ লেখার কারণ জানতে চান তিনি। এ সময় সিয়াম তাঁকে গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন লিমন।

লিখিত বক্তব্যে তিনি আরও জানান, গত ১৭ অক্টোবর সকাল ১১টার দিকে কামারকাঠি বাজারে যাওয়ার পথে সিয়াম হোসেন, তাঁর বাবা আবুল হোসেনসহ অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জন তাঁর পথরোধ করেন। এ সময় আবুল হোসেনের হাতে থাকা লোহার রড দিয়ে পেছন থেকে তাঁর মাথায় আঘাত করা হয়। এতে মাথার পেছনে রক্তাক্ত জখম হয়। পরে সিয়ামের হাতে থাকা লোহার রড দিয়ে বাম পায়ে আঘাত করলে পায়ের হাড় ভেঙে যায় বলে অভিযোগ করেন তিনি।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আদালতে মামলা করেছেন জানিয়ে লিমন বলেন, মামলার আসামিরা জামিনে মুক্ত হওয়ার পর তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সিয়াম হোসেন ফকিরের বাবা আবুল হোসেন বলেন, তাঁর ছেলে ভুলবশত ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করেছিলেন। এ নিয়ে ভুল বোঝাবুঝির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। লিমনকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও অস্বীকার করেন তিনি। বরং আওয়ামী লীগের সমর্থক হওয়ায় তাঁরাই উল্টো হুমকির শিকার হচ্ছেন বলে দাবি করেন আবুল হোসেন।

এ বিষয়ে জলাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মেহেদী সরোয়ার বলেন, ফেসবুকে ‘জয় বাংলা’ স্লোগানসংবলিত পোস্টের বিষয়ে জানতে চাওয়ায় ছাত্রদল নেতা শরীয়ত উল্লাহ লিমনকে সিয়াম ও তাঁর বাবা মারধর করেছেন। এ ঘটনায় আদালতে মামলা হয়েছে। আসামিরা জামিনে বের হয়ে তাঁকে আবারও হুমকি দিচ্ছেন বলেও তিনি শুনেছেন। ফেসবুকে পোস্ট করার প্রতিবাদ করায় এ ধরনের হামলা কোনোভাবেই ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, নেছারাবাদ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবির খান, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সাবেক আহ্বায়ক আরিফুল ইসলাম মোল্লা, কলেজের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ুম, জলাবাড়ি ইউনিয়ন ছাত্রদল নেতা মো. আবীর, মো. ইয়াদুল ইসলামসহ ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102