শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

সুন্দরবন বনদস্যুমুক্ত করার দাবিতে সাতক্ষীরায় ৭ দিনের কর্মসূচি ঘোষণা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে পুরোপুরি বনদস্যুমুক্ত করা এবং উপকূলীয় অঞ্চলের লাখ লাখ জেলে, বাওয়ালি ও মৌয়ালের জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার এবং বেলা ১১টায় উপজেলা সদরে পৃথক মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদী কর্মসূচি থেকে এই সাত দিনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক ও সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটনের নেতৃত্বে এসব কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া ভুক্তভোগী জেলেরা অভিযোগ করেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল উপকূলের লাখো মানুষের জীবন আজ গভীর সংকটে। বনে মাছ, কাঁকড়া ও মধু আহরণে যেতে হলে একাধিক বনদস্যু বাহিনীকে মোটা অঙ্কের চাঁদা দিতে হচ্ছে। একেকটি বাহিনী নৌকা প্রতি ৭০ হাজার থেকে ১ লাখ টাকা বা তারও বেশি চাঁদা দাবি করছে।

ভুক্তভোগী জেলেরা আরও জানান, চাঁদা পরিশোধের পর দস্যুদের পক্ষ থেকে জেলের হাতে একটি নির্দিষ্ট নম্বর সংবলিত কাগজ বা ‘নোট’ ধরিয়ে দেওয়া হয়, যা দেখিয়ে বনে প্রবেশ করতে হয়। এই নোট বা টোকেন ছাড়া বনে প্রবেশ করলেই চলে অমানবিক নির্যাতন, মারধর ও অপহরণের শিকার হতে হয়।

সামনে শুঁটকি মাছের ভরা মৌসুম হলেও বনদস্যুদের এই লাগামহীন দৌরাত্ম্য ও ত্রাসের রাজত্বের কারণে অনেকেই বনে যাওয়ার সাহস পাচ্ছেন না। একাধিক বাহিনীকে চাঁদা জোগাড় করতে গিয়ে অনেক জেলেকে চড়া সুদে ঋণ করতে হচ্ছে, যার ফলে নিঃস্ব হয়ে পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তারা।

এদিকে পূর্বঘোষিত ৫ দিনব্যাপী আন্দোলনের শেষ দিনে রোববার শ্যামনগরে ক্ষুব্ধ জেলেরা প্রতিবাদস্বরূপ মাছ ধরার জাল পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা ৪৮ ঘণ্টার মধ্যে সুন্দরবনে বনদস্যুদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরুর আলটিমেটাম দেন। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হাতে সুনির্দিষ্ট দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

উপকূলীয় মানুষের অধিকার ও জীবন-জীবিকা রক্ষার এই আন্দোলনে পরবর্তী ৭ দিনের জন্য যে কর্মসূচি ঘোষণা করেন। ঘোষনা অনুযায়ী সোমবার: সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান।

পরবর্তী দিনগুলোতে- বন বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও দাবি পেশ।

চূড়ান্ত আলটিমেটাম- আগামী ৭ দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হলে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ও কার্যালয় ঘেরাও করা হবে।

আন্দোলনের প্রধান সমন্বয়ক সালাউদ্দিন লিটন বলেন, সুন্দরবন আজ বনদস্যুদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। কোস্টগার্ড, বন বিভাগ, নৌ পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান না চালালে এই দস্যুদের দমন করা সম্ভব নয়। আগামী এক সপ্তাহের মধ্যে প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে আমরা আরও কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান কনক বলেন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সুন্দরবনের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট বাহিনীগুলোকে নিয়মিত টহল ও অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের স্মারকলিপি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে এবং প্রয়োজনে যৌথ অভিযান পরিচালনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

শ্যামনগর থানার ওসি সাফিউল্লাহ পাটোয়ারী জানান, বনদস্যুদের বিরুদ্ধে পুলিশের গোয়েন্দা নজরদারি ও তদন্ত অব্যাহত রয়েছে। সুনির্দিষ্ট তথ্য পেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ টাস্কফোর্স গঠনের বিষয়টিও আমাদের সক্রিয় বিবেচনায় রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102