শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

ময়মনসিংহ বোর্ডে ১৯ প্রতিষ্ঠানে সবাই ফেল, এমপিও বাতিলের হুঁশিয়ারি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১০২ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন। এ ঘটনায় প্রতিষ্ঠানপ্রধানদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে শিক্ষা বোর্ড। নোটিশের জবাব সন্তোষজনক না হলে শিক্ষকদের বেতন-ভাতাসহ এমপিও বাতিলের মতো কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দুটি কলেজও রয়েছে। প্রতিষ্ঠান দুটি থেকে এবার সাতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করতে পারেননি। এর মধ্যে একটি কলেজে পরীক্ষার্থী ছিলেন মাত্র একজন। আরও উদ্বেগের বিষয়, কলেজ দুটির শিক্ষকসংখ্যা কাগজে-কলমে ১০ জন হলেও নিয়মিত শিক্ষা কার্যক্রম নিয়ে রয়েছে নানা প্রশ্ন।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ৭৩ হাজার ৪২০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৩৬ হাজার ৩৫৪ জন। পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ১৩৭ জন। বোর্ডের অধীন ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১৯টিতে পাসের হার শূন্য।

জেলা ভিত্তিক হিসাবে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা সবচেয়ে বেশি ময়মনসিংহে। এ জেলার সাতটি প্রতিষ্ঠানের ৪৩ জন পরীক্ষার্থীর কেউ পাস করতে পারেননি। নেত্রকোনার ছয়টি প্রতিষ্ঠানের ৩৩ জন, জামালপুরের চারটি প্রতিষ্ঠানের ১৮ জন এবং শেরপুরের দুটি প্রতিষ্ঠানের আটজন পরীক্ষার্থীও অকৃতকার্য হয়েছেন।

শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার এইচএ ডিজিটাল কলেজে। প্রতিষ্ঠানটি থেকে ২৬ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করেছেন। নেত্রকোনার পূর্বধলা উপজেলার এমবিশন মডেল কলেজ থেকে ১৬ জন পরীক্ষায় অংশ নিয়েও কেউ পাস করতে পারেননি।

ময়মনসিংহ জেলার শতভাগ অকৃতকার্য সাতটি প্রতিষ্ঠান হলো- তারাকান্দার এইচএ ডিজিটাল কলেজ (২৬ জন), ঈশ্বরগঞ্জের কোনাপাড়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ (৬ জন), হালুয়াঘাটের বাঘাইতলা আদর্শ উচ্চ বিদ্যালয় (৫ জন), ত্রিশালের আউলিয়া নগর কলেজ (৫জন), নান্দাইলের অ্যাডভোকেট আব্দুল হাই কলেজ (২ জন), ঈশ্বরগঞ্জের চরজিথর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ (১ জন) এবং নান্দাইলের বেরীলা কেএ হাই স্কুল অ্যান্ড কলেজ (১ জন)।

এর মধ্যে তারাকান্দার এইচএ ডিজিটাল কলেজের কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে। সরেজমিনে প্রতিষ্ঠানটির নির্ধারিত ঠিকানায় গিয়ে কোনো শিক্ষা কার্যক্রমের অস্তিত্ব পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, একসময় ভাড়া করা জায়গায় কলেজটির কার্যক্রম চললেও বর্তমানে সেখানে পাঠদান হয় না। নিয়মিত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকা এবং শিক্ষক ও প্রশাসনিক তদারকির অভাবে প্রতিষ্ঠানটি কার্যত অচল হয়ে পড়েছে বলে অভিযোগ তাদের।

ঈশ্বরগঞ্জের চর জিথর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সেলিম জানান, কাগজে-কলমে কলেজটিতে ১০ জন শিক্ষক ছিলেন। তাদের মধ্যে তিনজন অন্যত্র চলে গেছেন। বর্তমানে সাতজন শিক্ষক কর্মরত থাকলেও কেউ কলেজে আসেন না। কলেজ শাখাটি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকরা বেতন পান না। এ কারণে তারা শিক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছেন না। প্রায় ১০ বছর বিনা পারিশ্রমিকে পাঠদান করেছেন তারা। বর্তমানে কলেজ শাখাটি কার্যত শিক্ষকশূন্য। এবার প্রতিষ্ঠানটির একমাত্র পরীক্ষার্থীও অকৃতকার্য হয়েছেন।

অধ্যক্ষ বলেন, বারবার নোটিশ দিয়েও শিক্ষকদের কলেজে আনতে পারেননি তিনি। কলেজের গভর্নিং বডির সঙ্গে আলোচনা করে কলেজ শাখার নিবন্ধন বাতিলের আবেদন করবেন।

অন্যদিকে, কোনাপাড়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এবার ছয়জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছেন। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. আব্দুল লতিফ বলেন, এ বছর প্রথমবারের মতো কলেজটি নিবন্ধন পেয়েছে। কলেজ শাখায় তিনজন শিক্ষক রয়েছেন। পাশাপাশি স্কুল শাখার দুজন শিক্ষক অতিরিক্ত দায়িত্ব হিসেবে কলেজে ক্লাস নিয়েছেন।

প্রথমবার পরীক্ষায় অংশ নিয়ে ছয়জনের কেউ পাস করতে পারেননি। শুরুতে কিছুটা বেগ পেতে হয়েছে। আগামীতে আরও ভালোভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ভালো ফলের আশা করছেন তারা।

ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. বেলায়েত হোসেন বলেন, তিনি চলতি বছরের সেপ্টেম্বর থেকে উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। কলেজ দুটি সম্পর্কে বিস্তারিত তথ্য তার জানা নেই। দুটি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ার বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।

নেত্রকোনার শতভাগ অকৃতকার্য ছয়টি প্রতিষ্ঠান হলো- পূর্বধলার এমবিশন মডেল কলেজ (১৬ জন), জুবাইদা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ (৬ জন), খালিশাপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয় (৪ জন), নেত্রকোনা সদরের ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ (৪ জন), কলমাকান্দা মহিলা কলেজ (২ জন) এবং কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ (১ জন)।

জামালপুরের চারটি প্রতিষ্ঠান হলো- ইসলামপুরের গোয়ালচর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ (৭ জন), জামালপুর সদরের শ্রীপুর কুমারিয়া নাসুবা আকন্দ গার্লস স্কুল (৬ জন), মাদারগঞ্জের নলবেছা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ (৪ জন) এবং মেলান্দহের এস. এম. শিক্ষা মুখলেছুর রহমান কলেজ (১ জন)।

শেরপুরের দুটি প্রতিষ্ঠান হলো- শেরপুর সদরের মনমথ দে কলেজ (৭ জন) এবং ঝিনাইগাতীর আলহাজ্ব এস এম এ ওয়ারেজ নঈম মডেল কলেজ (১ জন)।

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ জ ম রেজাউল করিম খান বলেন, বোর্ডের অধীনে এবার ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে ১৯টি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠানের বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে।

তিনি আরও বলেন, ইতিমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব সন্তোষজনক না হলে প্রয়োজনে শিক্ষকদের বেতন-ভাতাসহ এমপিও বাতিলের ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102