শ্রমিক আন্দোলনকে হাতিয়ার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে পোশাক কারখানার মালিকদের সংগঠন ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষে বিভিন্নভাবে ইন্ধন দেওয়া হচ্ছে। শ্রমিকদের ব্যবহার করে আন্দোলনের আড়ালে ষড়যন্ত্রের চেষ্টা চালানো হচ্ছে।
বন্ধ থাকা কারখানাগুলো চালুর বিষয়ে তিনি বলেন, এ জন্য শিল্প মালিকদের সহযোগিতা চাওয়া হয়েছে। শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে মালিকদের বলা হয়েছে। যেসব কারখানা বন্ধ থাকবে, সেগুলোর তালিকাও দিতে বলা হয়েছে।
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্ধারিত সময়ের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ নিয়ে সোমবার বিকেল ৩টায় শ্রমিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।