শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

আশুলিয়ায় বিক্ষোভের পর পুলিশ-শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাক শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। সোমবার সকালে শ্রমিকরা বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তবে সাভারের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

শিল্প পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা যায়, ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সকালে নবীনগর-চন্দ্রা সড়কের বাড়ইপাড়া এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। পরে আশুলিয়া থানা পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

অন্যদিকে, নিশ্চিন্তপুর এলাকার নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকরা সকালে কারখানার ভেতরে প্রবেশ করে কর্মবিরতি শুরু করেন। পরে তারা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের অনন্ত গার্মেন্টসের সামনে জড়ো হন। এ পরিস্থিতিতে নিট এশিয়া, আল-মুসলিম, টাউজার লাইন ও অনন্ত গার্মেন্টসসহ বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

একপর্যায়ে শ্রমিকরা সড়কে নেমে অবস্থান নিলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে নিউ এইজ পোশাক কারখানার এক শ্রমিক বলেন, তারা ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন। কিন্তু পুলিশ এসে তাদের ধাওয়া দিচ্ছে। এ ছাড়া রোববার তাদের কারখানার দুই শ্রমিককে পুলিশ গ্রেপ্তার করেছে বলেও দাবি করেন তিনি। অবিলম্বে গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি দেওয়ার দাবি জানান ওই শ্রমিক।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, সকালে কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়ে কর্মবিরতি শুরু করেন। নিউ এইজ কারখানার দুই শ্রমিককে রোববার পুলিশ আটক করেছে—এমন অভিযোগে ওই কারখানার শ্রমিকরা সোমবারও বিক্ষোভ করছেন। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনের মধ্যে তাদের আটকের ঘটনায় নিন্দা জানান তিনি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সকালে পোশাক শ্রমিকরা নবীনগর-চন্দ্রা সড়ক এবং বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নিয়েছিলেন। পরে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে রোববার নিউ এইজ পোশাক কারখানার একজন শ্রমিককে আটক করা হয়েছে বলে জানান তিনি।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, রোববার ১৭৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে সোমবার এসব কারখানার মধ্যে কতটি চালু রয়েছে, তা পরিস্থিতি স্বাভাবিক না থাকায় এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102