রাজশাহীর পুঠিয়ায় পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন স্থাপনের জন্য ঘর নির্মাণে বরাদ্দ দেওয়া অর্থ থেকে কৃষকদের প্রত্যেকের এক হাজার টাকা করে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তিন উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে।
উপজেলার বেলপুকুর ইউনিয়নের ৭০ জন কৃষকের ক্ষেত্রে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কর্মকর্তারা। অভিযোগ জানাজানি হওয়ার পর কেটে রাখা টাকা কৃষকদের ফেরত দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন কয়েকজন কৃষক।
গত শনিবার (৩১ অক্টোবর) বেলপুকুর ইউনিয়নের বিভিন্ন ব্লকের কৃষকদের সঙ্গে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি সহায়তা কর্মসূচির আওতায় পেঁয়াজ সংরক্ষণের জন্য কৃষকদের এয়ার ফ্লো মেশিন কেনার অর্থ দেওয়া হচ্ছে। এ কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষকের ব্যাংক হিসাবে ২৮ হাজার টাকা করে জমা দেওয়া হচ্ছে। বেলপুকুর ইউনিয়নের ৭০ জন কৃষক এ সুবিধার আওতায় রয়েছেন।
বরাদ্দের অর্থের মধ্যে এয়ার ফ্লো মেশিন সরবরাহের খরচ বাবদ ২১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বাকি ৭ হাজার টাকা মেশিন স্থাপনের উপযোগী ঘর নির্মাণের জন্য কৃষকদের দেওয়ার কথা। তবে কৃষকদের অভিযোগ, ঘর নির্মাণের জন্য বরাদ্দ করা ৭ হাজার টাকা থেকে প্রত্যেকের এক হাজার টাকা করে কেটে রাখা হয়। ফলে তারা পান ৬ হাজার টাকা করে। তাদের ভাষ্য, বর্তমান নির্মাণসামগ্রীর বাজারদরে এই অর্থ দিয়ে প্রয়োজনীয় মানের সংরক্ষণঘর নির্মাণ করা কঠিন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভুক্তভোগী কৃষক বলেন, বরাদ্দের টাকা থেকে এক হাজার টাকা করে কেটে রাখার বিষয়ে তারা আপত্তি জানিয়েছিলেন। কিন্তু প্রথমে তাদের পুরো টাকা দেওয়া হয়নি। পরে বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা কেটে রাখা টাকা ফেরত দেন।
অভিযোগের বিষয়ে বেলপুকুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদউল্লাহ, সোহেল রানা ও হাবিবুর রহমান হাবিবের সঙ্গে কথা হলে তারা অভিযোগ অস্বীকার করেন। তাদের দাবি, ঘর নির্মাণের জন্য বরাদ্দ করা ৭ হাজার টাকার পুরোটাই কৃষকদের বুঝিয়ে দেওয়া হয়েছে। কোনো কৃষকের কাছ থেকে এক হাজার টাকা করে কেটে রাখা হয়নি।
এ বিষয়ে পুঠিয়া উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার বলেন, কৃষকদের পক্ষ থেকে এ ধরনের কোনো অভিযোগ বা তথ্য তারা পাননি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।