ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে থাকা হাজতি মোহাম্মদ ইসমাইল (২৮) অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে বেলা পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারারক্ষী রফিকুল ইসলাম জানান, কেন্দ্রীয় কারাগারে ইসমাইল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত ইসমাইল কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন তার হাজতি নং ১৫৭/২৬। তার গ্রামের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ীতে। তবে কি মামলার কারাবন্দি ছিলেন তা জানি না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।