মানিকগঞ্জের ঘিওরে সানোয়ার হোসেন (৩০) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনায় প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ, মারধর ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রিমি আক্তার নামে এক নারীকে আটক করার পর ছেড়ে দিয়েছে পুলিশ। নিহতের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, এক নেতার মধ্যস্থতায় দুই লাখ টাকায় ঘটনাটি মীমাংসার চেষ্টা করা হয়েছে। তবে পুলিশের দাবি, আত্মহত্যার মামলায় কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় নিহতের স্ত্রীর মুচলেকা নিয়ে ওই নারীকে ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে ঘিওর সদর ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় নিহতের নানি কুলসুম বেগমের বাড়ির একটি টিনশেড ঘর থেকে সানোয়ারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার শামসুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১ নভেম্বর) দুপুরে বাড়ির উঠানের পশ্চিম পাশে ধুন্দলগাছের মাচায় কাজ করছিলেন সানোয়ার। এ সময় প্রতিবেশী পিয়াস আহমেদ মমিনের স্ত্রী রিমি আক্তার অভিযোগ করেন, সানোয়ার তাদের গোসলখানার টিনের বেড়ার ফাঁক দিয়ে তাকে গোসল করতে দেখেছেন। এ অভিযোগের পর মমিন সানোয়ারের বাড়িতে গিয়ে তাকে গালাগাল ও মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে তাকে আবারও মারধরের হুমকি দিয়ে চলে যান মমিন।
স্থানীয়রা জানান, অভিযোগের প্রতিবাদ জানাতে সানোয়ার ঘিওর ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলামের বাড়িতে বিচার চাইতে যান। তকে বাড়িতে না পেয়ে ফেরার পথে মমিনের সঙ্গে দেখা হয় সানোয়ারের। এ সময় মমিন তাকে আবারও মারধর ও হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
পরিবারের দাবি, মিথ্যা অপবাদ, মারধর ও বারবার হুমকির কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সানোয়ার। অপমান ও আতঙ্ক সহ্য করতে না পেরে সোমবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে নানির বাড়ির একটি কক্ষে সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
খবর পেয়ে ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) চিন্ময় মণ্ডল পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। তিনি মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
নিহত সানোয়ারের স্ত্রী রুমা আক্তার বলেন, তার স্বামী ভালো মানুষ ছিলেন। ঘটনার দিনই তিনি সাভারের একটি গ্যাস লাইট কোম্পানিতে চাকরিতে যোগ দিয়েছিলেন। পরে বাড়িতে ফিরে স্বামীর মৃত্যুর খবর পান। রুমার অভিযোগ, রিমি ও মমিনের আচরণ এবং অপবাদের কারণেই তাঁর স্বামী আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
কান্নাজড়িত কণ্ঠে রুমা বলেন, ‘আমার দুটি সন্তান এখন বাবাহারা হয়ে গেল। আট বছরের ছেলে ও দেড় বছরের মেয়েকে নিয়ে আমি কীভাবে বাঁচব? সামান্য কিছু টাকা দিয়ে কি আমার স্বামীকে ফিরে পাব? আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
রুমার অভিযোগ, থানায় মামলা করতে গেলে তাকে বলা হয়, মামলা করতে অনেক টাকা লাগবে। পরে একটি কাগজে তার স্বাক্ষর নেওয়া হয় এবং আটক রিমি আক্তারকে ছেড়ে দেওয়া হয়।
নিহতের নানি কুলসুম বেগম বলেন, সানোয়ার কোলে থাকতেই তার মা মারা যান। এরপর তাকে কোলেপিঠে করে বড় করেছেন তিনি। নাতিকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়িয়েছেন। সানোয়ার একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন বলেও জানান তিনি।
স্বজন ও প্রতিবেশীদের দাবি, সানোয়ারের বাড়ি থেকে অভিযুক্তদের বাড়ির মাঝখানে আরও দুটি ফাঁকা ভিটা রয়েছে। সেখান থেকে গোসলখানার ভেতরে কাউকে দেখা সম্ভব কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। অভিযোগের সত্যতা যাচাই না করেই সানোয়ারকে মারধর ও অপমান করা হয়েছে।
এদিকে, রিমি আক্তারকে আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। এক নেতার মধ্যস্থতায় দুই লাখ টাকার বিনিময়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে সংবাদে উল্লেখ করা হয়েছে।
স্বজনেরা রিমি ও মমিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। তারা জানান, প্রয়োজনে আদালতের মাধ্যমে মামলা করবেন।
ঘিওর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলার বাদী নিহতের স্ত্রী রুমা আক্তারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। এ ছাড়া কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় আটক রিমি আক্তারকে ছেড়ে দেওয়া হয়েছে।