শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

কাতার কোস্ট গার্ডে দায়িত্ব পালনে গেলেন নৌবাহিনীর ২৪ সদস্য

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কাতারের কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্টে (কিউসিবিএসডি) দায়িত্ব পালনের উদ্দেশ্যে বাংলাদেশ নৌবাহিনীর ২৪ সদস্যের একটি দল দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে তাঁরা ঢাকা ত্যাগ করেন। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কিউসিবিএসডিতে তিন বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন তাঁরা।

এর আগে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক কাতারে দায়িত্ব পালনে নিয়োজিত নৌসদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় তিনি দায়িত্ব পালনে পেশাদারত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ নৌবাহিনী ২০১২ সাল থেকে কাতার কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্টে দায়িত্ব পালনের জন্য নিয়মিত নৌসদস্য পাঠিয়ে আসছে। সেখানে দায়িত্ব পালনকালে বাংলাদেশি নৌসদস্যরা তাঁদের দক্ষতা, পেশাদারত্ব ও কর্মনিষ্ঠার মাধ্যমে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আস্থা ও প্রশংসা অর্জন করেছেন।

নতুন নিয়োগপ্রাপ্ত সদস্যরা কাতারের উপকূলীয় ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা, সামুদ্রিক টহল, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম এবং চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন নিরাপত্তামূলক দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশি নৌসদস্যদের এ দায়িত্ব পালনের মাধ্যমে কাতারের সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনায় দক্ষ জনবল ও অভিজ্ঞতা যুক্ত হবে। পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।

এ দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নৌবাহিনীর পেশাদারত্ব ও দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি জাতীয় রেমিট্যান্স প্রবাহেও তাঁরা অবদান রাখবেন।

বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি, সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নেও ভূমিকা রেখে চলেছে। কাতারে নৌসদস্যদের এ দায়িত্ব পালন সেই ধারাবাহিকতার অংশ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102