শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

সাশ্রয়ী হৃদ্‌রোগ পুনর্বাসন ব্যবস্থা গড়তে ঢাকায় স্টেকহোল্ডার সভা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বাংলাদেশে সাশ্রয়ী ও সহজলভ্য হৃদ্‌রোগ পুনর্বাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘অ্যাক্রস-বিডি’ (ACROSS-BD) প্রকল্পের স্টেকহোল্ডার সভা। 

বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস)।

সভায় দেশের বিশিষ্ট গবেষক, চিকিৎসক, নীতিনির্ধারক ও উন্নয়ন সহযোগীরা অংশ নেন। দেশে হৃদ্‌রোগ পুনর্বাসন কার্যক্রম জোরদার করতে গবেষণালব্ধ তথ্য, উদ্ভাবনী উদ্যোগ ও প্রয়োজনীয় অগ্রাধিকার নির্ধারণ ছিল সভার মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি দেশে অসংক্রামক রোগের ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের মোট মৃত্যুর ৬৭ শতাংশের জন্য অসংক্রামক রোগ দায়ী। এসব রোগের মধ্যে হৃদ্‌রোগ অন্যতম প্রধান।

তিনি বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে সাশ্রয়ী ও দেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হৃদ্‌রোগ পুনর্বাসন মডেল চালু করতে সরকার প্রয়োজনীয় নীতিগত ও কাঠামোগত সহায়তা দেবে। গবেষণার ফলাফল শুধু গবেষণাগার বা সাময়িকীতে সীমাবদ্ধ রাখলে চলবে না। এসব ফলাফল কাজে লাগিয়ে তৃণমূল পর্যায়ে সাশ্রয়ী, সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের উপাচার্য অধ্যাপক জে এম এ হান্নানের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য গবেষণাবিষয়ক অধ্যাপক এবং অ্যাক্রস প্রকল্পের সহপ্রধান গবেষক অধ্যাপক রড এস টেইলর। একই বিষয়ে বক্তব্য দেন পাকিস্তানের জিয়াউদ্দিন ইউনিভার্সিটি হাসপাতালের অধ্যাপক ও প্রকল্পটির সহপ্রধান গবেষক অধ্যাপক ইমরান বি. চৌধুরী।

তাঁদের উপস্থাপনায় হৃদ্‌রোগ থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের জন্য সাশ্রয়ী, স্থানীয় সংস্কৃতি ও জীবনযাত্রার উপযোগী এবং বাড়িভিত্তিক পুনর্বাসন মডেল তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ব্যবস্থায় রোগীদের শারীরিক পুনর্বাসনের পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবাও অন্তর্ভুক্ত করার প্রস্তাব তুলে ধরা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তাঁরা হৃদ্‌রোগের চিকিৎসা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ এবং কার্যকর পুনর্বাসনব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

যুক্তরাজ্যের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার রিসার্চের (এনআইএইচআর) অর্থায়নে পাঁচ বছর মেয়াদি আন্তর্জাতিক গবেষণা কর্মসূচি হিসেবে পরিচালিত হচ্ছে অ্যাক্রস-বিডি প্রকল্প। এতে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয় ও ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস।

এ প্রকল্পে বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনায় সহযোগিতা করছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এ ছাড়া পাকিস্তানের পাকিস্তান ইনস্টিটিউট অব লিভিং অ্যান্ড লার্নিংসহ (পিআইএলএল) আরও কয়েকটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক অংশীদার হিসেবে যুক্ত রয়েছে।

আয়োজকেরা জানান, দেশের জাতীয় স্বাস্থ্য অগ্রাধিকারের সঙ্গে প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রমের সমন্বয় সাধনে এ স্টেকহোল্ডার সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশে হৃদ্‌রোগ পুনর্বাসনসেবা সম্প্রসারণে কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণের পথ সুগম করবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102