কক্সবাজারের টেকনাফে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে শসা চাষ। অনুকূল আবহাওয়া, উর্বর জমি ও বাজারে চাহিদা থাকায় এ অঞ্চলের কৃষকদের মধ্যে বাড়ছে শসা চাষের আগ্রহ। স্বল্প পুঁজিতে লাভের সম্ভাবনা থাকায় অনেকেই ঝুঁকছেন এ কৃষি উদ্যোগে। সফল চাষিদের গল্প শুনে নতুন নতুন উদ্যোক্তারাও উৎসাহিত হচ্ছেন কৃষিকাজে।
টেকনাফের সাবরাং ইউনিয়নের শসাচাষি বদিউজ্জামাল তেমনই একজন সফল উদ্যোক্তা। মাত্র ২০ হাজার টাকা পুঁজি নিয়ে চার বছর আগে ৪০ শতক জমিতে শসা চাষ শুরু করেন তিনি। ধীরে ধীরে পরিশ্রম ও পরিকল্পনার মাধ্যমে নিজের কৃষি উদ্যোগকে এগিয়ে নিয়েছেন অনেক দূর। বর্তমানে তাঁর কৃষি উদ্যোগের পুঁজি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০ লাখ টাকায়।
বদিউজ্জামাল জানান, চলতি মৌসুমে ১২০ শতক জমিতে শসা চাষ করেছেন তিনি। ইতোমধ্যে প্রায় চার লাখ টাকার শসা বিক্রি করেছেন। এখনো বাগানে আনুমানিক সাত থেকে আট লাখ টাকার শসা রয়েছে। তাঁর মতে, সঠিক পরিচর্যা, পরিশ্রম ও পরিকল্পনা থাকলে শসা চাষে ভালো সাফল্য অর্জন করা সম্ভব।
অন্যদিকে, আরেক চাষি মোহাম্মদ ইয়াসিনের সফলতার গল্পটিও বেশ অনুপ্রেরণাদায়ক। একসময় কাঁচা তরকারি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তিনি। পরে এলাকার এক ব্যক্তির সহযোগিতায় মাত্র ১০ হাজার টাকা পুঁজি নিয়ে সাবরাংয়ের পেন্ডাল পাড়ায় ১০ শতক জমিতে শসা চাষ শুরু করেন। ধীরে ধীরে কৃষিকাজে সফলতা আসায় এখন তিনি স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন।
এ বিষয়ে টেকনাফ প্রেস ক্লাবের আহ্বায়ক ও প্রবীণ সাংবাদিক আবুল কালাম আজাদ বলেন, চাকরিনির্ভর না হয়ে তরুণ সমাজ যদি কৃষিতে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করে, তাহলে তাদের সফল হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। কৃষিকে লাভজনক পেশা হিসেবে গড়ে তুলতে তরুণদের আরও বেশি এগিয়ে আসা প্রয়োজন।
টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল আলম বলেন, কৃষিকাজে আগ্রহী ব্যক্তিদের প্রয়োজনীয় সরকারি সহযোগিতা ও পরামর্শ দিতে কৃষি বিভাগ সব সময় প্রস্তুত রয়েছে। কৃষি উৎপাদন বাড়াতে কৃষকদের পাশে থেকে কাজ করছে উপজেলা কৃষি বিভাগ।
তিনি জানান, চলতি মৌসুমে টেকনাফ উপজেলার ছয়টি ইউনিয়নে মোট ৭০ হেক্টর জমিতে শসা চাষ হয়েছে। এতে সম্পৃক্ত রয়েছেন প্রায় ৪৯০ জন কৃষক। মাত্র তিন মাসের মধ্যে শসা চাষের একটি মৌসুম শেষ হওয়ায় কৃষকেরা পরবর্তী সময়ে অন্য ফসল বা কাজে যুক্ত হওয়ার সুযোগ পান। এ কারণেও শসা চাষের প্রতি তাঁদের আগ্রহ বাড়ছে।
স্থানীয়দের মতে, টেকনাফের কৃষিজমিতে পরিকল্পিতভাবে শসাসহ বিভিন্ন ধরনের সবজি চাষ সম্প্রসারণ করা গেলে কৃষকদের আয় বাড়ার পাশাপাশি স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
সব মিলিয়ে বদিউজ্জামাল ও ইয়াসিনের মতো কৃষকদের সাফল্য টেকনাফের কৃষিতে নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে। বিশেষ করে স্বল্প পুঁজি নিয়ে কৃষিকাজ শুরু করে সফল হওয়ার এমন দৃষ্টান্ত তরুণদের কৃষি উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করছে। সঠিক পরিকল্পনা, আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহার, কৃষি বিভাগের প্রয়োজনীয় সহযোগিতা এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে শসা চাষ হয়ে উঠতে পারে টেকনাফের গ্রামীণ অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় খাত।