বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

তালপাতায় হাতেখড়ি, দেড় যুগ ধরে চলছে ঐতিহ্যের পাঠশালা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

আধুনিক শিক্ষাব্যবস্থার প্রসারে হারিয়ে যেতে বসেছে তালপাতায় লেখাপড়ার প্রাচীন রীতি। তবে সেই ঐতিহ্য এখনো ধরে রেখেছে বাগেরহাটের চিতলমারী উপজেলার ডুমুরিয়া দক্ষিণপাড়ার ‘শিশু শিক্ষা নিকেতন’। প্রতিষ্ঠার পর দেড় যুগেরও বেশি সময় ধরে এ পাঠশালায় শিশুদের দেওয়া হচ্ছে তালপাতায় হাতেখড়ি। বাঁশের কঞ্চির কলম, দোয়াতের কালি আর তালপাতায় অক্ষর লেখার মধ্য দিয়ে প্রাথমিক শিক্ষার পাশাপাশি শিশুদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে গ্রামবাংলার হারিয়ে যাওয়া শিক্ষা-ঐতিহ্যের সঙ্গে।

২০০৫ সালে প্রতিষ্ঠিত এ পাঠশালায় আশপাশের পাঁচ গ্রামের প্রায় ৫০ শিশু পড়াশোনা করছে। ৭৫ বছর বয়সী শিক্ষক পণ্ডিত কালিপদ বাছাড় নিজ হাতে শিশুদের স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, বানান, যুক্তাক্ষর, নামতা ও নৈতিক শিক্ষা দেন। আধুনিক শিক্ষা উপকরণের পরিবর্তে প্রাচীন পদ্ধতিতে পাঠদানের এ উদ্যোগ দেখতে প্রতিদিনই আগ্রহ নিয়ে আসেন অভিভাবকেরা।

অভিভাবকদের মতে, তালপাতায় লেখার চর্চা শিশুদের হাতের লেখা সুন্দর করতে সহায়তা করে। পাশাপাশি শৈশব থেকেই তারা নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পাচ্ছে। এ কারণে আধুনিক শিক্ষার পাশাপাশি সন্তানদের এ পাঠশালায় পাঠাচ্ছেন অনেক অভিভাবক।

তবে ঐতিহ্যের এ পাঠশালায় রয়েছে নানা সংকট। পাঠশালার সামনের জমিতে পানি জমে থাকায় বর্ষা মৌসুমে শিশুদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়। এ ছাড়া নেই স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা। দীর্ঘদিন ধরে এসব সমস্যা থাকলেও এখনো হয়নি স্থায়ী সমাধান।

শিক্ষক পণ্ডিত কালিপদ বাছাড় বলেন, ‘পুরোনো ঐতিহ্য অনুসরণ করে শিশুদের তালপাতায় লেখাপড়া শেখাই। তালপাতায় অক্ষর চর্চা করলে হাতের লেখা সুন্দর হয়। এখান থেকেই শিশুরা প্রাথমিক অক্ষরজ্ঞান লাভ করে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, পাঠশালাটিতে পুরোনো আমলের তালপাতার শিক্ষাব্যবস্থা এখনো চালু রয়েছে। এটি আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রেখেছে। জলাবদ্ধতা ও স্যানিটেশনসহ পাঠশালার সমস্যাগুলো সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।

আধুনিকতার ভিড়ে যখন হারিয়ে যাচ্ছে তালপাতায় লেখার চর্চা, তখন চিতলমারীর এ পাঠশালা ধরে রেখেছে গ্রামবাংলার শিক্ষা-সংস্কৃতির এক অনন্য স্মারক। সংশ্লিষ্টদের সহযোগিতা পেলে ঐতিহ্যের এ পাঠশালা আরও দীর্ঘদিন শিশুদের হাতে তুলে দিতে পারবে তালপাতায় হাতেখড়ির শিক্ষা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102