বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সিনিয়র সদস্য ও সাংবাদিক ফয়সাল আলমের বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে ক্র্যাব।
গত ৯ অক্টোবর চ্যানেল ২৪-এ ‘মামলা আছে, নেই বাদী-সাক্ষীর খোঁজ: বিচারককে ঘিরে অনুসন্ধানে চাঞ্চল্য’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করা হয়। একই দিন রাত ৯টায় চ্যানেলটির অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘সার্চলাইট’-এ এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনগুলোতে লালমনিরহাটের তৎকালীন যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ১৮টি হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ তুলে ধরা হয়। প্রতিবেদন প্রচারের পর ক্ষুব্ধ হয়ে ফয়সাল আলমসহ চ্যানেল ২৪-এর বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন আরিফুল ইসলাম।
এ ঘটনায় ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ এক বিবৃতিতে বলেন, আইনি ব্যবস্থা নেওয়া যেকোনো নাগরিকের অধিকার। তবে নিজেদের অন্যায়-অপরাধ আড়াল করতে গণমাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা সংশ্লিষ্টদের ভয় দেখানোর শামিল। গণমাধ্যমের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করতেই তিনি এ পথ বেছে নিয়েছেন।
বিবৃতিতে নেতারা ফয়সাল আলমের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর বিচারক আরিফুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও একটি তদন্ত চলমান রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।