পটুয়াখালীর ছয় উপজেলার মেয়াদোত্তীর্ণ ১৯টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নিয়োগের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১৮ ধারার উপধারা (১) অনুযায়ী ইউনিয়ন পরিষদগুলোর নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, দশমিনা উপজেলার ৬ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহম্মদ এবং ২ নম্বর আলীপুর ইউনিয়নে সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. ইসরাফুল হোসেন।
গলাচিপা উপজেলার ১ নম্বর আমখোলা ইউনিয়নে উপজেলা আইসিটি কর্মকর্তা মো. ইউসুফুল ইসলাম, ২ নম্বর গোলখালী ইউনিয়নে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সাইউম, ৪ নম্বর রতনদি তালতলী ইউনিয়নে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ওয়ালীউল ইসলাম এবং ৭ নম্বর চিকনিকান্দি ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা মিজ আরজু আক্তার।
দুমকি উপজেলার ১ নম্বর পাঙ্গাশিয়া ইউনিয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র দেবনাথ, ৩ নম্বর মুরাদিয়া ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন এবং ৪ নম্বর আঙ্গারিয়া ইউনিয়নে উপজেলা একাডেমিক সুপারভাইজার একেএম সফিকুল ইসলাম।
বাউফল উপজেলার ১ নম্বর কাছিপাড়া ইউনিয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন, ২ নম্বর কালিশুরী ইউনিয়নে অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. নাইদ হাসান, ৩ নম্বর ধুলিয়া ইউনিয়নে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক প্রমথ মজুমদার, ৪ নম্বর কেশবপুর ইউনিয়নে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, ৬ নম্বর কনকদিয়া ইউনিয়নে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাসুদেব সরকার, ৭ নম্বর বগা ইউনিয়নে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ, ১০ নম্বর কালাইয়া ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন, ১৫ নম্বর চন্দ্রদ্বীপ ইউনিয়নে সহকারী উপজেলা প্রোগ্রামার মো. নুরুল আমিন।
কলাপাড়া উপজেলার ৩ নম্বর লালুয়া ইউনিয়নে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ খান এবং ৬ নম্বর মহিপুর ইউনিয়নে উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলীকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
চিঠিতে নিয়োগের শর্তে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব গ্রহণের তারিখ থেকে এক মেয়াদে সর্বোচ্চ ১২০ দিন প্রশাসকের দায়িত্ব পালন করতে পারবেন। তবে দৈব-দুর্বিপাক, অতিমারি বা মহামারির কারণে আইনের বিধান অনুযায়ী নির্বাচিত পরিষদ গঠন সম্ভব না হলে মেয়াদ বৃদ্ধির কারণ যথাযথভাবে উল্লেখ করে সরকারের অনুমতি নিতে হবে।