জন্ম থেকেই তার দুটি পা অচল। চিকিৎসকদের ভাষায় যা হয়তো ছিল এক জটিল প্রতিবন্ধকতা, কিন্তু তার কাছে তা কেবল জীবনের শুরুর একটি ভিন্ন সমীকরণ মাত্র। সমাজের কাছে হাত পাতা বা করুণার পাত্র হওয়াকে যিনি কখনো নিজের ভাগ্য বলে মেনে নেননি, বরং উচ্চশিক্ষা আর কর্মের আলোয় নিজের আত্মমর্যাদার পরিচয় গড়েছেন—তিনি সাতক্ষীরার কামলনগরের অদম্য তরুণ মোহাম্মদ বায়েজিদ হাসান।
সাতক্ষীরা শহরের পাকাপোলের নিচের ছোট্ট একটি কম্পিউটার দোকানের সামনে দাঁড়ালে যে কারো মনে হতে পারে, এই মানুষটি কেবল একজন সাধারণ উদ্যোক্তা নন; তিনি যেন জীবন্ত এক রূপকথা, হার না মানা এক স্বপ্নের কারিগর।
মায়ের অদম্য লড়াই ও অনুপ্রেরণা
সাতক্ষীরা সদর উপজেলার কামলননগর গ্রামের খলিলুর রহমান ও ফরিদা রহমান দম্পতির ঘরে যখন বায়েজিদের জন্ম হয়, তখন পরিবারে নেমে এসেছিল গভীর উদ্বেগ। দুই পা স্বাভাবিক ছিল না; জন্মগত শারীরিক জটিলতার কারণে চলাফেরা ছিল অত্যন্ত দুরূহ। চারপাশের মানুষ যখন নানা নেতিবাচক কথা বলে হতাশ করার চেষ্টা করতেন, তখন বায়েজিদের বাবা-মা ছিলেন পাহাড়ের মতো অবিচল।
বিশেষ করে মা ফরিদা রহমানের লড়াই বায়েজিদকে আজকের এই উচ্চতায় নিয়ে আসার প্রধান কারিগর। ছেলেকে মানুষের মতো মানুষ করতে কী পরিমাণ কষ্ট করতে হয়েছে, তার ইয়ত্তা নেই। বায়েজিদকে পঞ্চম শ্রেণি এবং পরবর্তীতে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রতিদিন কোলে করে স্কুল আনা-নেওয়া করতেন তার মা। শুধু কি তাই? ছেলের চলাফেরা স্বাবলম্বী করতে তিনি সুদূর ঢাকায় গিয়ে পঙ্গু ব্যক্তিদের হাঁটা শিক্ষা দেওয়ার পদ্ধতি স্বচক্ষে দেখে আসেন। বাড়িতে ফিরে নিজে দুটি ছোট লাঠি তৈরি করেন এবং দীর্ঘ সময় ধরে অক্লান্ত সাধনা ও পরিশ্রম করে বায়েজিদকে নিজে নিজে লাঠি নিয়ে দাঁড়ানো ও হাঁটা শেখান। সমাজের কটূক্তিকে উপেক্ষা করে মায়ের সেই বুকভরা সাহস আর অদম্য জেদই আজকের বায়েজিদকে তিল তিল করে গড়ে তুলেছে।
শিক্ষার আলোয় জয়ের শুরু
শারীরিক সীমাবদ্ধতা বায়েজিদের শিক্ষার আলো কেড়ে নিতে পারেনি। বরং কঠোর অধ্যবসায় ও মেধার জোরে তিনি শিক্ষাজীবনের প্রতিটি ধাপ সফলভাবে পেরিয়ে গেছেন। স্কুল ও কলেজের গণ্ডি পেরিয়ে তিনি সফলভাবে উচ্চশিক্ষা অর্জন করেন। শিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে বায়েজিদ প্রায়শই আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড—এই কথাটি অনেকের জন্যই প্রবাদতুল্য, তবে আমার জীবনে এটি অস্তিত্বের লড়াইয়ের সমার্থক।’
ভ্যানগাড়ি থেকে পাকাপোলের দোকান : কর্মের মাধ্যমে আত্মপ্রতিষ্ঠা উচ্চশিক্ষা অর্জনের পরও গতানুগতিক চাকরির পেছনে অন্ধের মতো ছুটে সময় নষ্ট করেননি বায়েজিদ। স্বাবলম্বী হওয়ার জেদ থেকে তিনি কম্পিউটার চালনার ওপর প্রশিক্ষণ নেন এবং জীবিকার সম্পূর্ণ এক নতুন পথ বেছে নেন। শুরুতে একটি ভ্যানগাড়িতে কম্পিউটার বসিয়ে বিভিন্ন সেবা দেওয়া শুরু করলেও বর্তমানে সাতক্ষীরা শহরের পাকাপোলের নিচের ছোট্ট একটি দোকানই তার কর্মযজ্ঞের মূল কেন্দ্র।
বর্তমানে তার দোকানে সাধারণ কম্পোজ, প্রিন্ট, বিপিএসসি ফর্ম পূরণ, ই-জিডিপি বা ই-টেন্ডার সাবমিট, পাসপোর্ট ও ভিসা ফর্ম পূরণ, ল্যান্ড মিউটেশন এবং ই-ট্যাক্স বা ভ্যাটের ই-রিটার্ন সাবমিটের মতো গুরুত্বপূর্ণ ও জটিল কাজগুলো অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করা হয়। কম্পিউটারের কিবোর্ডে তার হাতের অবিশ্বাস্য গতি এবং নিখুঁত কাজ দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য।
ঘুরে দাঁড়ানোর বার্তা
আত্মবিশ্বাসের সাথে বায়েজিদ বলেন, ‘পা প্রতিবন্ধী হতে পারে, কিন্তু মেধা ও সদিচ্ছা তো প্রতিবন্ধী নয়। উচ্চতর ডিগ্রি অর্জনের পরও আমি কি তবে করুণার আশায় হাত পেতে বেড়াবো?’
তার এই জীবনসংগ্রাম আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে, শারীরিক সীমাবদ্ধতা কখনো মানুষের স্বপ্নের শেষ সীমানা হতে পারে না। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত সহযোগিতা ও আন্তরিকতা পেলে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষেরাও সমাজের বোঝা না হয়ে সম্পদে পরিণত হতে পারেন—বায়েজিদ হাসান তারই এক জ্বলন্ত ও উজ্জ্বল দৃষ্টান্ত।