এসআরবি-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা, খেলনা পিস্তল, ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে মাগুরা সদর পৌরসভার কলেজপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদক ও সরঞ্জামসহ তাকে আটক করে এসআরবি-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস দল।
আটক রাশেদ শেখ (৪১) ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মালিপাড়া গ্রামের মোস্তফা শেখের ছেলে।
অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা, একটি খেলনা পিস্তল, টাকা গণনার মেশিন, একটি প্রিন্টার, মাদক বিক্রির নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা, চারটি ল্যাপটপ, ওয়াকিটকি ও প্রেস বুম মাইক্রোফোন উদ্ধার করা হয়।
এসআরবি-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ার স্বপ্নবিলাস ভবনের চতুর্থ তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন ইয়াবা ও মাদক ব্যবসার মূল হোতা দীপ্ত কুমার বিশ্বাস ওরফে সুমন। ওই বাড়িতে অভিযান চালায় এসআরবি-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা। এসআরবির উপস্থিতি টের পেয়ে মূল হোতা দীপ্ত কুমার বিশ্বাস ওরফে সুমন পালিয়ে যান। পরে ওই বাসা থেকে রাশেদ শেখকে আটক করা হয়।
এসআরবি-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবিন সরকার সুমন জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা মাদক, নগদ টাকা ও অন্যান্য সরঞ্জাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।