দৃষ্টিনন্দন তিনতলা ভবন, আধুনিক স্থাপত্য, প্রবীণদের চলাচলের জন্য লিফট, থাকার শয্যাকক্ষ, প্রার্থনার জায়গা, পাঠকক্ষ, শরীরচর্চার যন্ত্রপাতি ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা সবই প্রস্তুত। শুধু নেই যাদের থাকার কথা সেই অসহায় প্রবীণ নারীরা। ২০২৩ সালে প্রায় আট কোটি এক লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজ শেষ হওয়ার তিন বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের ‘শান্তিনিবাস’-এ এখনো শান্তি বা আশ্রয় পাননি প্রবীণ নারীরা।
লালমনিরহাট শহরের বালাটারী এলাকায় সরকারি শিশু পরিবার (বালিকা) ক্যাম্পাসে প্রায় ৩০ শতক জমির ওপর নির্মিত হয়েছে রংপুর বিভাগের এই শান্তিনিবাস। ২৫ জন ষাটোর্ধ্ব অসহায় প্রবীণ নারীর নিরাপদ আশ্রয়ের জন্য ভবনটি তৈরি হলেও প্রয়োজনীয় জনবলের অভাবে তিন বছরেও এটি চালু করতে পারেনি কর্তৃপক্ষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনজুড়ে এখন কেবল নিস্তব্ধতা, অন্ধকার আর ধুলোর স্তূপ। জনবল নেই, নেই নিয়মিত কার্যক্রম, তবুও বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ।
লিফট পরিচালনার চুক্তির মেয়াদও শেষ হয়ে গেছে। ভেতরে থাকা দামি আসবাবপত্র, শরীরচর্চার যন্ত্রপাতি এবং চিকিৎসাসামগ্রী দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকায় কার্যকারিতা ও স্থায়িত্ব হারাচ্ছে। প্রবীণ নারীদের পদচারণায় মুখর হওয়ার কথা থাকলেও কক্ষগুলোতে জমেছে ধুলোর আস্তর, আর বাসা বেঁধেছে মাকড়সা ও নানা পোকামাকড়। নিচতলার বিশাল ডাইনিং রুম থেকে শুরু করে থাকার কক্ষ ও স্বাস্থ্যসেবা কর্নার সবই তালাবদ্ধ।
লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, অসহায়, পরিত্যক্ত ও অবহেলিত প্রবীণ নারীদের নিরাপদ আবাসন ও সেবার লক্ষ্যে ২০২২ সালের ১৬ আগস্ট নির্মাণকাজ শুরু হয়ে ২০২৩ সালে শেষ হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় সমাজসেবা অধিদপ্তরের এ প্রকল্পের অধীনে দেশের আটটি বিভাগে সরকারি শিশু পরিবারের অভ্যন্তরে আটটি শান্তিনিবাস নির্মিত হয় এর মধ্যে রংপুর বিভাগের শান্তিনিবাসটি লালমনিরহাট জেলায় স্থাপিত হয়।
শান্তিনিবাসের দেখভালের দায়িত্বে থাকা লালমনিরহাট সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উপতত্ত্বাবধায়ক মোছা. হাওয়া বেগম জানান, প্রয়োজনীয় জনবল না থাকায় প্রতিষ্ঠানটি চালু করা যায়নি এবং তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভবনটি দেখভাল করছেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ফজলুল হক জানান, পদ সৃজনের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং পদ সৃজন হলে দ্রুত এটি চালু করা সম্ভব হবে।
নির্মাণের তিন বছরেও জনবল নিয়োগ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর লালমনিরহাট জেলা সহ-সভাপতি সহকারী অধ্যাপক আবু হাসনাত রানা বলেন, জনগণের করের টাকায় নির্মিত ভবন কেন তিন বছরেও ব্যবহার করা যাচ্ছে না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান জানান, প্রয়োজনীয় জনবল চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ চলছে এবং জনবল নিয়োগ হলেই দ্রুত শান্তিনিবাস চালু করা হবে।