কিশোরগঞ্জের হোসেনপুর পৌর সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় হোসেনপুর থানায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) মো. শরিফুল হক ও থানার ওসি (তদন্ত) শেখ তাজউদ্দীন আহমেদ। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশে হোসেনপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) যৌথভাবে পৌর সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করেছে। আটক ব্যক্তিদের বিষয়ে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, হোসেনপুর পৌর সদরে কিশোর গ্যাংয়ের উপদ্রব বেড়ে যাওয়ায় কিশোররা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বলে স্থানীয়দের অভিযোগ। উপজেলা সদরের বিভিন্ন স্কুল-কলেজ ও পৌর এলাকার রাস্তায় তাদের তৎপরতা বেশি দেখা যায়। ইভটিজিংয়ের কারণে সাধারণ শিক্ষার্থীরা স্কুল-কলেজে আতঙ্ক নিয়ে যাতায়াত করছে। কিশোর গ্যাংয়ের এসব অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।